চতুর্থ শিল্পবিপ্লবের জন্য প্রস্তুত হচ্ছে বিডিইউ

৮ ডিসেম্বর, ২০১৯ ০২:২৭  
চতুর্থ শিল্পবিপ্লবে বাংলাদেশের অস্তিত্ব জানান দিতে কাজ করে যাচ্ছে দেশের প্রথম ডিজিটাল ইউনিভার্সিটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি। শনিবার (০৭ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে ইউনিভার্সিটির অস্থায়ী ক্যাম্পাসে একাডেমিক ভবন, প্রশাসনিক ভবনসহ বিগত বছরের কার্যক্রম পরিদর্শনে গিয়ে একথা বলেন সিন্ডিকেট সদস্যরা। এসময় ইউনিভার্সিটির সিন্ডিকেটের সভাপতি ও মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর সিন্ডিকেট সদস্যদের ইউনিভার্সিটির অস্থায়ী একাডেমিক ভবন, অস্থায়ী প্রশাসনিক ভবন, আইওটি ল্যাব, ফিজিক্স ল্যাব, ইন্টারেক্টিভ ডিজিটাল বোর্ড সংযুক্ত স্মার্ট শ্রেণীকক্ষ, ক্লাউড বেইজ থিঙ্ক ক্লায়েন্ট সমৃদ্ধ কম্পিউটার ল্যাব, অত্যাধুনিক মডুলার ডাটা সেন্টারসহ অন্যান্য স্থাপনা ঘুরে দেখান। পরে উপাচার্য পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সম্মানিত সিন্ডিকেট সদস্যদের ইউনিভার্সিটির নিজস্ব জনবল দিয়ে তৈরি বিগত বছরের কার্যক্রম লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, মাই বিডিইউ মোবাইল অ্যাপ, এক্সাম ম্যানেজম্যন্ট সিস্টেম, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স (মুক), অনলাইন এডমিশন পোর্টাল, জব পোর্টাল, রুটিন ম্যানেজমেন্ট সিস্টেম, প্রোজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট, ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম উপস্থাপন করেন। সিন্ডিকেট সদস্যদের মধ্যে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো: মুবিন খান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) এর সভাপতি আব্দুস সবুর, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য, ইউনিভার্সিটির রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও সিন্ডিকেট সদস্য সচিব জনাব মো: আশরাফ উদ্দিন উপস্থিত ছিলেন।